সাজাপ্রাপ্ত কোনো আসামিকে পাসপোর্ট দিতে বাংলাদেশ সরকার বাধ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতকে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে এবং এর আইনি দিকগুলোর খুঁটিনাটি পরীক্ষা করে দেখা হচ্ছে।
শামা ওবায়েদ উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাজা হয়েছে এবং তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়টি আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার মনে করে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো সাজাপ্রাপ্ত আসামির মতো তিনিও দেশে ফিরে এসে আদালতের দেওয়া সাজা ভোগ করবেন।